দেশে কিডনি ও ক্যানসার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীদের ভোগান্তি কমাতে প্রতিটি জেলায় এসব রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
বুধবার (২৪ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইপাস আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক একটি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় স্বাস্থ্যখাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছে। এ খাতকে পুনর্গঠনের লক্ষ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নারীস্বাস্থ্য বিষয়ে বিশেষায়িত চিকিৎসা ও গবেষণার জন্য দুটি উইমেন হেলথ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
ডা. এম এ মুহিত আরও জানান, ঢাকায় পাঁচ বছর মেয়াদি এসআরএইচআর ইন ঢাকা প্রকল্পের আওতায় ৬ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্যখাতে চলমান সংস্কার কার্যক্রম দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 




















