ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলা ও সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে অস্বীকৃতি জানানোর ঘটনায় এক মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করে শৈলকুপা থানায় নেওয়া হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, উপজেলার বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম (৬৫) গুরুতর অসুস্থ হয়ে সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন।
স্বজনরা জানান, রোগীকে দ্রুত স্থানান্তরের জন্য হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চাওয়া হলে চালক বকুল মিয়া জ্বালানি তেল না থাকার অজুহাতে যেতে অস্বীকৃতি জানান। পরে পরিবারের সদস্যরা নিজেদের খরচে জ্বালানির ব্যবস্থা করলেও তিনি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে রাজি হননি।
তাদের দাবি, চালকের অনীহা ও দীর্ঘ সময় বিলম্বের কারণে রোগীকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে হাসপাতালেই আবু জাফর কুসুমের মৃত্যু হয়।
ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চালক বকুল মিয়াকে আটক করে।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি দায়িত্বে অবহেলার পর্যায়ে পড়ে। সংশ্লিষ্ট চালককে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি তা অনুসরণ করেননি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে চালককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে অভিযোগের বিষয়ে আটক চালকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঝিনাইদহ প্রতিনিধি 





















