ঝিনাইদহে আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি মো. সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে গত ১৭ জুলাই দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খালিসাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর ১৮ জুলাই আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আফিয়া আক্তার খুশিকে হত্যার দায় স্বীকার করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৩ মে সকালে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই মোড়সংলগ্ন শাহাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশির মরদেহ উদ্ধার করা হয়। নিহত খুশি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। তিনি ওই বাসায় ভাড়া থেকে বসবাস করতেন।
ঘটনার পরদিন ১৪ মে নিহতের বাবা সহিদুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালী গ্রামের বাসিন্দা মো. সাঈদ মেহেদীকে প্রধান আসামি করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামানের নেতৃত্বে এবং ডিবির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য ও রহস্য উদঘাটিত হয়েছে।
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ 




















