আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী আব্বাস মল্লিক। তার দাবি, নদীর গভীরে নিয়ে বন্দিদের গুলি করে হত্যার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হতো।
বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলার দশম সাক্ষী হিসেবে আব্বাস মল্লিকের জবানবন্দি রেকর্ড করা হয়।
৬০ বছর বয়সী আব্বাস মল্লিক বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি জেলে। জবানবন্দিতে তিনি তার ছোট ভাই আলকাছ মল্লিকের মালিকানাধীন বোটে মাছ ধরার সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।
র্যাবের অভিযানের বর্ণনা
আব্বাস মল্লিকের জবানবন্দি অনুযায়ী, ২০১০ সালের দিকে চরদুয়ানী ও কাঠালতলী এলাকায় র্যাব সদস্যদের নিয়মিত যাতায়াত ছিল। অভিযানের দিন সন্ধ্যার পর স্থানীয় দোকান বন্ধ ও বাতি নিভিয়ে রাখার জন্য সাদা পোশাকে থাকা সদস্যরা দোকানিদের নির্দেশ দিতেন বলে তিনি জানান।
তার ভাষ্য, রাত ১১টা থেকে ১২টার দিকে র্যাবের চার-পাঁচটি মাইক্রোবাস এসে একটি বরফ মিলের সামনে থামত। সেখান থেকে ঢাকা থেকে আনা বন্দিদের বোটে তোলা হতো। তাদের হাত ও চোখ বাঁধা থাকত। পরে র্যাব সদস্যরা সিমেন্টের বস্তা, রশি ও হোগলা সংগ্রহ করে বোটে নিতেন বলে দাবি করেন তিনি।
আব্বাস বলেন, বন্দিদের তোলার পর তাদের বোট চালিয়ে বলেশ্বর নদীর গভীর পানিতে যেতে বলা হতো। সেখানে বোট ধীরগতিতে চালানোর নির্দেশ দেওয়া হতো।
সাক্ষীর দাবি, গভীর পানিতে যাওয়ার পর বন্দিদের বোটের ভেতর থেকে বের করে আনা হতো। একজন বন্দিকে দুই র্যাব সদস্য বোটের দুই পাশের সাপোর্টের ওপর চেপে ধরে রাখতেন। এরপর জিয়াউল আহসান ওই বন্দির মাথা, কান অথবা বুকে গুলি করতেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন আব্বাস। কাউকে একবার, আবার কাউকে দুইবার গুলি করা হতো বলেও তিনি দাবি করেন।
এরপর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে গলায় বা পায়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো বলে জানান তিনি।
সুন্দরবনে ‘নাটক সাজিয়ে’ হত্যার দাবি
আব্বাস মল্লিক আরও দাবি করেন, নদীতে কয়েকজন বন্দিকে হত্যার পর তারা সুন্দরবনের দিকে যেতেন। সেখানে বাকি বন্দিদের বোট থেকে নামিয়ে কথিত বন্দুকযুদ্ধ বা অভিযানের ঘটনা সাজিয়ে হত্যা করা হতো। পরে সাংবাদিকদের ফোন করে ঘটনাস্থলে ডাকা হতো এবং মরদেহ বিভিন্ন থানায় নিয়ে জমা দেওয়া হতো বলে তার জবানবন্দিতে উল্লেখ করা হয়।
তিনি বলেন, এসব ঘটনার পর বোট ধুয়ে আবার চরদুয়ানীতে ফিরতে হতো। বোট পরিষ্কার করার সময় বন্দিদের মরদেহ থেকে বের হওয়া নাড়িভুঁড়ি, মস্তিষ্ক ও রক্ত দেখতে পেতেন বলে দাবি করেন তিনি।
সাক্ষীর ভাষ্য, সুন্দরবন থেকে ফিরে আসার পর মেজর সাব্বির তাদের জানাতেন যে ‘জিয়া স্যার’ তাদের ডাকছেন। এরপর মাঝিরা জিয়াউল আহসানের কাছে গেলে প্রত্যেককে কখনও দুই হাজার, আবার কখনও পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো। টাকা খামে করে দেওয়া হতো বলেও জানান তিনি।
ছোট ভাই নিখোঁজের বর্ণনা
জবানবন্দিতে নিজের ছোট ভাই আলকাছ মল্লিকের নিখোঁজ হওয়ার ঘটনাও তুলে ধরেন আব্বাস। তিনি বলেন, ২০১১ সালের মাঝামাঝি সময়ে একদিন র্যাব পরিচয়ে ফোন করে আলকাছকে বটতলা-মানিকখালী এলাকায় জিয়াউল আহসানের সঙ্গে দেখা করতে যেতে বলা হয়।
আব্বাসের দাবি, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে আলকাছের স্ত্রী তাকে ফোন করে জানান, র্যাবের ফোন পেয়ে জিয়াউল আহসানের সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকে আলকাছের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এরপর স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পাথরঘাটা থানাসহ খুলনা, পটুয়াখালী, বরিশাল ও ঢাকার র্যাব কার্যালয়েও আলকাছের সন্ধান করা হয় বলে জানান আব্বাস। পরে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও সেখানে জিয়াউল আহসান ও র্যাবের নাম উল্লেখ করতে চাওয়া সত্ত্বেও তা লেখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আব্বাস বলেন, তার ভাইকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। বন্দিদের মতো আলকাছকেও হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। এ ঘটনায় জিয়াউল আহসানের বিচার দাবি করেন তিনি।
জবানবন্দিতে আব্বাস আরও বলেন, ওই সময় তিনি জিয়াউল আহসানকে দেখেছেন এবং বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত জিয়াউল আহসানকেও তিনি শনাক্ত করেন।
জবানবন্দি শেষে আব্বাস মল্লিককে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও সাহিদুর রহমান। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও তাসমিরুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, শাইখ মাহদী, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিম, অলি মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















