
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেছেন, লাইক, শেয়ার ও কমেন্ট পাওয়ার জন্য মিথ্যা তথ্য ছড়ানোর যে প্রবণতা তৈরি হয়েছে, তা রাজনীতির সংস্কৃতি হওয়া উচিত নয়।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহদী আমিন।
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়ে তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি প্রকাশের পর সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। অথচ ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে এবং রোববার ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে।
মাহদী আমিন বলেন, বিষয়টি নিয়ে এর চেয়ে বড় কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন—এটি স্বাভাবিক বিষয়। তাদের মধ্যে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে বলেও তিনি দাবি করেন।
জুবাইদা ও জাইমাকে নিয়েও অপপ্রচারের অভিযোগ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করেন মাহদী আমিন।
তিনি বলেন, জুবাইদা রহমানের একটি অনুষ্ঠান নিয়ে এমন তথ্য ছড়ানো হয়েছিল যে তিনি একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে একই মঞ্চে থাকবেন। পরে আয়োজকরাই বিষয়টি ভুল বলে নিশ্চিত করেন।
জাইমা রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তিনি জাতিসংঘে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। অথচ তার চাকরিটি সরকার দিয়েছে—এমন প্রচার করা হয়েছে।
গঠনমূলক সমালোচনার আহ্বান
মাহদী আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ঘটনায় ব্যাপক প্রচার দেখা গেলেও সেগুলোর সঙ্গে বাস্তবতার ন্যূনতম সম্পর্ক থাকে না। তাই সত্য ও ন্যায্য বিষয় তুলে ধরার পাশাপাশি অনৈতিক বা অন্যায্য বিষয়ও নির্মোহভাবে তুলে ধরতে হবে।
তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময়ে সর্বোচ্চ বাকস্বাধীনতা রয়েছে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।
সব রাজনৈতিক দলের প্রতি পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌজন্য বজায় রেখে গঠনমূলক রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি।
‘রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে’
মাহদী আমিন বলেন, বিরোধী দল মানেই সব বিষয়ে বিরোধিতা করা নয়। রাষ্ট্রের সম্মান ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও জনগণের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে তিনি যে সম্মাননা পেয়েছেন, তা শুধু বিএনপির নয়, পুরো বাংলাদেশের সম্মান।
অযথা বিতর্ক, অপপ্রচার ও অশালীন আচরণ থেকে বেরিয়ে এসে সুস্থ গণতান্ত্রিক রাজনীতির চর্চা এবং একে অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
প্রতিবেদকের নাম 






















