সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ঢাকা-রিয়াদ আকাশপথে বিঘ্ন দেখা দিয়েছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় আড়াই হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। কর্মস্থলে সময়মতো ফিরতে না পারায় অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার (ফ্লাইট ম্যানেজমেন্ট) স্কোয়াড্রন লিডার সাকিব জানান, এসব ফ্লাইটে মোট ২ হাজার ৫৩২ জন যাত্রীর রিয়াদে যাওয়ার কথা ছিল।
বিমানবন্দরে চরম ভোগান্তিতে প্রবাসীরা
যাত্রীদের অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস বা ব্যক্তিগত পরিবহনে ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছেছিলেন। সেখানে এসে ফ্লাইট বাতিলের খবর পেয়ে নতুন করে যাত্রার পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েন তারা।
অনেক প্রবাসী সৌদি আরবের ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন। কবে যাত্রা করতে পারবেন, কীভাবে টিকিটের তারিখ পরিবর্তন করবেন—তা নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় উদ্বেগে রয়েছেন তারা। সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ।
রোববার দুপুরে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে দেখা যায়, যাত্রীরা টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এয়ারলাইনসের কাউন্টারে খোঁজ নিচ্ছেন। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে পরবর্তী করণীয় জানার চেষ্টা করছেন।
কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তা
রিয়াদপ্রবাসী শাহ আলম জানান, রোববার দুপুরে তার ফ্লাইট ছিল। আগস্টে দেশে আসার পর বিমানের টিকিট কেটেছিলেন তিনি। কেরানীগঞ্জের রোহিতপুর থেকে ঢাকায় এসে ফ্লাইট ধরার প্রস্তুতি নিয়েছিলেন।
তিনি বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এখন কবে সৌদি আরবে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে সমস্যায় পড়তে হবে। দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হলে যাত্রীদের ভোগান্তি কমত বলেও মন্তব্য করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার শরীফ উদ্দিনেরও যাওয়ার কথা রিয়াদে। ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট কেটে ভারতের মুম্বাই হয়ে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
শরীফ উদ্দিন জানান, মুম্বাইয়ে ট্রানজিট থাকা যাত্রীদের বোর্ডিং দেওয়া হচ্ছে না বলে তিনি শুনেছেন। ফলে টিকিট কাটা থাকলেও যাত্রা করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, বাতিল হওয়া সাতটি ফ্লাইটের যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো বিষয়টি জানাচ্ছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার সময় ও ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করতে হবে।
রিয়াদ বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচলে বিঘ্ন
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার মধ্যরাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারের একটি হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হওয়ার কথাও এতে বলা হয়েছে।
প্রতিবেদকের নাম 
























