জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব যাতে নিত্যপণ্যের বাজারে বড় আকারে না পড়ে, সে জন্য সরবরাহব্যবস্থা সচল রাখা ও কঠোর বাজার নজরদারির কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়বে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে। তবে সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা গেলে এর প্রভাব বাজারে বড় আকারে পড়বে না। পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারেন, সেজন্য কঠোর মনিটরিং করা হবে।
তিনি জানান, সম্প্রতি আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে পণ্য আমদানি, পরিবহন ও সরবরাহের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এসব সমস্যা ও অসংগতি দূর করতে সরকার কাজ করছে।
গ্যাস সরবরাহের সংকটও এখন কেটে গেছে বলে জানান মন্ত্রী। ফলে চিনি, সয়াবিনসহ আমদানি করা পণ্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে ফিরেছে। এতে বাজারে পণ্যের সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে চা বাগানের আয় বাড়ানো, শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষাসুবিধা, রাস্তা সংস্কার, অ্যাম্বুলেন্স ও স্কুল স্থাপনের বিভিন্ন উদ্যোগের কথা জানান বাণিজ্যমন্ত্রী।
প্রতিবেদকের নাম 























