গণমাধ্যমের প্রধান দায়িত্ব ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা হলেও অতীতে সেই ভূমিকা পালনের বদলে অনেকেই তোষামোদে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংস্কৃতি আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো তা অব্যাহত রয়েছে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, শুধু গণমাধ্যম নয়, রাজনীতি ও আমলাতন্ত্রেও তোষামোদ ও মোসাহেবির সংস্কৃতি বিস্তার লাভ করেছে। তার ভাষায়, এই পরিস্থিতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হলে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নে দল কাজ করছে। তবে কিছু বিষয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দল তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে—জুলাই সনদেও এমনটাই উল্লেখ রয়েছে।
সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, মতপার্থক্যের বিষয়গুলো সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
দেশের গত ১৫ বছরের লুটপাট ও ধ্বংসযজ্ঞ একদিনে দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। যদিও নানা সীমাবদ্ধতা রয়েছে, তবুও এই উদ্যোগকে অস্বীকার করার সুযোগ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইসির সভাপতি ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া বক্তব্য দেন দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্বজনসহ আরও অনেকে।
প্রতিবেদকের নাম 




















