চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে বুধবার সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
বিশ্বের ৯০টিরও বেশি দেশের ১ হাজার ৭০০-এর অধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এতে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরাও সম্মেলনে যোগ দেন।
সংশ্লিষ্টদের মতে, গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গত সোমবার মালয়েশিয়া সফর শেষ করে সরাসরি চীনের দালিয়ানে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে অবস্থানকালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রতিবেদকের নাম 




















