মধ্যপ্রাচ্যে টানা ২৬০ দিনের বেশি সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
রণতরীটির নাবিকদের কর্মপরিবেশ ও জীবনযাপন নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসার পর শনিবার (১৫ আগস্ট) কুপারের এই পরিদর্শন নতুন করে আলোচনায় এসেছে।
সেন্টকম জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা ব্র্যাড কুপার ১০ দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আব্রাহাম লিংকনে যান। সফরে তিনি বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও পরিদর্শন করেন।
নাবিকদের প্রশংসা করলেন সেন্টকম কমান্ডার
রণতরী পরিদর্শনের পর ব্র্যাড কুপার লিংকনের নাবিক ও মেরিন সদস্যদের প্রশংসা করেন। তিনি বলেন, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং তাদের অর্জন নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।
কুপারের ভাষ্য অনুযায়ী, লিংকনের বর্তমান মোতায়েনকে ভবিষ্যতে আধুনিক সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অভিযানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতে পারে।
সেন্টকমের দাবি, লিংকনে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সদস্য ‘অপারেশন এপিক ফিউরি’, আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রম এবং ইরানকে ঘিরে চলমান মার্কিন নৌ-অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সময় রণতরীটির যুদ্ধবিমানগুলো থেকে শত শত উড্ডয়ন পরিচালনা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হয়েছে মোতায়েন
আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটির দায়িত্ব পালনের মেয়াদ শুরুতে মে মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে মিশনের প্রয়োজনীয়তার কারণে মোতায়েনের সময় বাড়ানো হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হুং কাও।
শুক্রবার কাও জানান, পরিকল্পিত রোটেশনের অংশ হিসেবে লিংকন শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরবে। এর পরিবর্তে ওই অঞ্চলে দায়িত্ব নেবে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।
রণতরীর ভেতরের পরিবেশ নিয়ে অভিযোগ
দীর্ঘদিনের মোতায়েনের পাশাপাশি আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এসব প্রতিবেদনে অপরিষ্কার ও ছত্রাকযুক্ত গোসলখানা, খাবারের মান নিয়ে অভিযোগ এবং রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনার কথা উঠে এসেছে। এমনকি কয়েকজন নাবিক রণতরী থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে এসব প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছেন হুং কাও। তাঁর দাবি, গণমাধ্যমের কিছু প্রতিবেদনে মার্কিন সেনাসদস্যদের পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তারা শুধু ভুক্তভোগী।
কংগ্রেসে তদন্তের দাবি
রণতরীটির দীর্ঘমেয়াদি মোতায়েন এবং নাবিকদের শারীরিক ও মানসিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতাও উদ্বেগ প্রকাশ করেছেন।
নাবিকদের অবস্থা এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের নেওয়া পদক্ষেপ খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো এবং কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল লিংকনে একটি আনুষ্ঠানিক ও দ্বিদলীয় কংগ্রেসনাল প্রতিনিধি দল পাঠানোর দাবিও জানিয়েছেন।
এর আগে ফেব্রুয়ারিতে আব্রাহাম লিংকন পরিদর্শন করেছিলেন ব্র্যাড কুপার। সে সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তখন রণতরীটির মোতায়েনকে সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার অংশ হিসেবে ব্যাখ্যা করেছিল সেন্টকম।
প্রতিবেদকের নাম 




















