লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এ ঘটনায় জামায়াত ও এনসিপি কাকে দায়ী করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লেখেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে তাদের নিষিদ্ধের ব্যবস্থা করে দেবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’
রাশেদ খান আরও লেখেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মার খাওয়াল! এখানেও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে? গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হুমকির ঘটনায় কূটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করলেন, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবেন না যে, বিএনপি সরকার লন্ডনে তাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
পোস্টে তিনি আরও বলেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব, তাহলে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’
সবশেষে সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধের আহ্বান জানিয়ে রাশেদ খান লেখেন, ‘আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’
প্রতিবেদকের নাম 
























