
বড় ধরনের দুর্যোগে প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেলেও উদ্ধার কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন হয়েছে।
তিন দিনব্যাপী এই অনুশীলন ২৩ আগস্ট শুরু হয়ে ২৫ আগস্ট শেষ হয়। দুর্যোগের সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম সচল রাখাই ছিল অনুশীলনের মূল লক্ষ্য।
ফায়ার সার্ভিস জানায়, দেশের আট বিভাগের ১৬টি স্থানে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসের মতো পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুশীলন করা হয়।
অনুশীলনে ফায়ার সার্ভিসের যোগাযোগ ব্যবস্থা অচল হলে এআরএবির সদস্যরা কীভাবে বেতার যোগাযোগের মাধ্যমে বিকল্প ব্যবস্থা চালু করে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করবেন, সেটিও পরীক্ষা করা হয়।
মঙ্গলবার অনুশীলনের শেষ দিনে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (ইওসি), মিরপুর থেকে দেশের বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও এআরএবি প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করা হয়। পরে জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক কার্যক্রম মূল্যায়ন শেষে অনুশীলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 



















