
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সরকার ও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে।
বিভিন্ন সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
তবে সরকার বা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তই রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অতীতে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্র বলছে, রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য। তিনি অতীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সংসদ সদস্য।
ড. আবদুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
এদিকে প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা ও বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছে। তিনি এর আগে রাষ্ট্রপতির কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার 





















