
দৈনিক বিশ্বসংবাদ
ময়মনসিংহের ফুলপুরে কংশ নদীতে পানি পরিমাপ করতে গিয়ে স্রোতে ভেসে গেছেন পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবুল হালিম তালুকদার (৫৫)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সরচাপুর ঘাটে ক্যারেন্ট মিটার ঠিক করার সময় তিনি নদীর স্রোতে ভেসে যান। পরে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় ৮ ঘণ্টা ধরে ৩ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার আবারও তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।
ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, স্রোতের কারণে তিনি নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা 

























