শোকবইয়ে স্বাক্ষর মিয়া গোলাম পরওয়ারের, নরওয়ের রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা
নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ের দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানান এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন মিয়া গোলাম পরওয়ার।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, নরওয়ের জনগণের প্রতি রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘদিনের দায়িত্বশীলতা ও কঠিন সময়ে জনগণের পাশে থাকার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, নেতৃত্ব, বিনয় ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে রাজা হারাল্ড পঞ্চম নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই শোকের সময়ে তারা নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ২০২৬ সালে ৮৯ বছর বয়সে মারা যান। ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণের পর তিনি তিন দশকেরও বেশি সময় দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিবেদকের নাম 




















