
নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লালবাজার মহল্লায় একটি বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বানরটির আক্রমণ ও উৎপাতের কারণে জনজীবন ব্যাহত হওয়ায় এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে অন্য এলাকা থেকে একটি বানর মহল্লাটিতে এসে অবস্থান নেয়। এরপর থেকেই এটি নিয়মিত রাস্তাঘাট, বাড়িঘর, হোটেল ও বিভিন্ন দোকানে ঘোরাফেরা করছে। সুযোগ পেলেই বাড়ির রান্নাঘর কিংবা খাবার টেবিল থেকে খাবার নিয়ে যাচ্ছে। পাশাপাশি হঠাৎ করেই পথচারী ও বাসিন্দাদের ওপর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে মহল্লার শতাধিক বাসিন্দার পক্ষে বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দেন মিলন আখন্দ। আবেদনপত্রে উল্লেখ করা হয়, বানরটির হামলায় গত তিন মাসে অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হয়েছে বলে দাবি করা হয়েছে। বানরটির ভয়ে অনেক পরিবার দিনের বেলাতেও ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
আহতদের একজন কাকলী রায় জানান, প্রায় দুই মাস আগে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বানরটি হঠাৎ তার হাতে কামড় দেয়। এতে তার একটি আঙুলের রগ ছিঁড়ে যায় এবং পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা জোড়া লাগাতে হয়। তিনি বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
নাটোর সদর হাসপাতালের ভ্যাকসিন শাখার দায়িত্বপ্রাপ্ত স্টাফ নার্স পারভিন আক্তার বলেন, গত কয়েক মাসে বানরের আক্রমণের শিকার হয়ে একাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত অন্তত ১৫ জনকে টিকা দেওয়া হয়েছে, যদিও আরও অনেকে অন্য স্থান থেকেও টিকা গ্রহণ করেছেন।
বন বিভাগের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বানরটির আচরণ অস্বাভাবিক। একাধিকবার ধরার চেষ্টা চালানো হলেও সেটি সফল হয়নি। তাই পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেন, এলাকাবাসীর আবেদন পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 
























