এক নারীর সঙ্গে অনলাইনে ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম।
সোমবার (২০ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী লরেন্স উওং এক বিবৃতিতে ফয়সালের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ফয়সাল ও ওই নারীর মধ্যে বেশিরভাগ যোগাযোগই অনলাইনে হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে সাক্ষাৎও হতো।
লরেন্স উওং বলেন, “পরবর্তীতে তারা দুজনই একে অপরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। পুলিশ ইতোমধ্যে বিষয়টির তদন্ত শেষ করেছে।”
তিনি আরও জানান, তদন্তে ফয়সালের বিরুদ্ধে কোনো অপরাধমূলক আচরণের প্রমাণ পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না। তবে একজন মন্ত্রী হিসেবে তার দায়িত্ব ও মর্যাদার সঙ্গে এ ধরনের সম্পর্ক বা যোগাযোগ সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
পদত্যাগের পাশাপাশি ফয়সাল ইব্রাহিম ক্ষমতাসীন দল পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি) থেকেও সরে দাঁড়িয়েছেন।
২০০৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফয়সাল ২০২৫ সালে মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে পিপল’স অ্যাকশন পার্টি। ১৯৬৬ সালে প্রথম নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলটি ক্ষমতা ধরে রেখেছে। দলটি নিজেদের পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে বিভিন্ন বিতর্কে জড়াতে দেখা গেছে।
এর আগে ২০২৩ সালে সিঙ্গাপুরের তৎকালীন পরিবহনমন্ত্রী এস. ঈশ্বরণ দুর্নীতির অভিযোগ ও এক আইনপ্রণেতার সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনায় পদত্যাগ করেছিলেন।
ফয়সাল ইব্রাহিমের পদত্যাগের ঘটনায় আবারও দেশটির রাজনীতিতে জবাবদিহিতা ও নৈতিকতার বিষয়টি আলোচনায় এসেছে।
প্রতিবেদকের নাম 




















