
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। তারা পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব পালন করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে দায়িত্ব পালন করবেন।
এছাড়া সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, দুই প্রতিমন্ত্রী নিজ নিজ দায়িত্বের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে কাজ করবেন।
প্রতিবেদকের নাম 




















