পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও একটি নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রয়টার্স জানায়, জম্মু ও কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, আঞ্চলিক বিধানসভায় পাকিস্তানের অন্যান্য অঞ্চলের শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন স্থানীয় জনগণের প্রতিনিধিত্বের সুযোগ কমিয়ে দিচ্ছে। এই দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খান জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয় আটকে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তারারখাল এলাকায় সংঘর্ষে ৬ জন বিক্ষোভকারী ও ১ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া রাওলাকোটে পৃথক আরেক সংঘর্ষে ১ জন আন্দোলনকারী ও ১ জন নিরাপত্তা সদস্য প্রাণ হারান।
স্থানীয় সূত্রের দাবি, গত জুন থেকে শুরু হওয়া আন্দোলন ও সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।
এদিকে, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত যৌথ অ্যাকশন কমিটি (JAAC) বুধবার রাওলাকোটে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আন্দোলনকারীদের শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
সূত্র: রয়টার্স
প্রতিবেদকের নাম 




















