লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। এ সময় ব্যর্থ হয়ে সীমান্তের ওপারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বিএসএফ—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী এলাকা। ওই রাতে কাঁটাতারের কাছে স্থাপিত সার্চলাইট বন্ধ করে দিয়ে বিএসএফ সদস্যরা ফটক দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
এ সময় বিজিবির কালীরহাট ক্যাম্পের টহল দল স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত অবস্থান নিলে বিএসএফ পিছু হটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে সীমান্তের ওপারে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে কোনো অনুপ্রবেশ ঘটেনি।
প্রতিবেদকের নাম 




















