
পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করা প্রত্যেক সন্তানের আইনগত দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ অনুযায়ী, সন্তানের দায়িত্বের মধ্যে রয়েছে পিতা-মাতার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও সঙ্গ প্রদান নিশ্চিত করা। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এ দায়িত্ব পালন করতে হবে এবং পিতা-মাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাসে পাঠানো যাবে না।
আইনের ৪ ধারায় বলা হয়েছে, পিতার অনুপস্থিতিতে দাদা-দাদী এবং মাতার অনুপস্থিতিতে নানা-নানীর ভরণপোষণের দায়িত্বও নাতি-নাতনির ওপর বর্তাবে।
এ ছাড়া আইন লঙ্ঘন করলে ৫(১) ধারায় অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে। একইসঙ্গে পরিবারের অন্য সদস্যরা যদি এই দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে তারাও একই শাস্তির আওতায় আসবেন।
আইনজীবীরা বলছেন, এই আইন পারিবারিক বন্ধন রক্ষা ও প্রবীণদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আপোষ-মীমাংসার সুযোগ থাকায় পারিবারিক বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, আইনটি শুধু শাস্তিমূলক নয়; বরং সন্তানদের দায়িত্বশীলতা বাড়ানো এবং প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার একটি সামাজিক উদ্যোগ।
প্রতিবেদকের নাম 




















