
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
সোমবার (৬ জুলাই) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করতে হবে, যাতে সেখান থেকে যেকোনো সময় দেশের বিভিন্ন শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট এখনো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে অনাগ্রহী হন। তাই দেশের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে কোনো অবহেলা করা যাবে না।
ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি জরুরি। এজন্য শিক্ষা কাঠামো এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন।
অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















