সরকারি প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে কয়েকজন সচিবকে এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক ১০টি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
যেসব মন্ত্রণালয়ে নতুন সচিব
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
নদী রক্ষা কমিশন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পরিবর্তন
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।
অন্যদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও রদবদল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ এবং পরিকল্পনা কমিশনে নতুন দায়িত্ব
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রতিবেদকের নাম 























