
প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, বরং সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে সংগীত, নৃত্য, নাটক ও চারুকলার মতো বিষয়গুলো প্রাথমিক শিক্ষায় যুক্ত হবে।
তিনি আরও জানান, এসব বিষয়ে দক্ষ শিক্ষক তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা রয়েছে এবং পরবর্তীতে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
প্রতিবেদকের নাম 





















