দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানা দ্রুত চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০২৬ সালের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্টের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















