চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১২ জুলাই) সংগঠনের সহ-সভাপতি ও মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ডা. তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে একটি বিশেষায়িত মেডিকেল দল এ কার্যক্রম পরিচালনা করে।
এদিন প্রায় এক হাজার বন্যার্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ৫০টি পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, বন্যাবাহিত রোগ মোকাবিলায় প্রায় ১০ হাজার প্যাকেট খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসা হয়েছে। এছাড়া যেসব রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে, তাদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
চিকিৎসা ও ত্রাণ কার্যক্রমে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এবং যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিনিধিরা।
ছাত্রদল জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় মানুষের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 




















