
অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার মতে, বাংলাদেশের ক্রিকেটকে এখন প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।
রোববার (১৬ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশের এই সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানান ক্যারিবীয় কিংবদন্তি।
ইয়ান বিশপ বলেন, বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক অর্জন। তার মতে, দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় দল হিসেবে পরিচিত বাংলাদেশকে এখন যথাযথ সম্মান দেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, বাংলাদেশের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই যথেষ্ট মেলেনি। অস্ট্রেলিয়ার মাটিতে এমন দাপুটে জয় সেই স্বীকৃতির দাবিকে আরও জোরালো করেছে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের জয়ে বেশ কয়েকজন ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন বিশপ। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ দলের অন্য খেলোয়াড়দের প্রশংসা করেন তিনি।
তবে হাসান মাহমুদের পারফরম্যান্সকে আলাদাভাবে তুলে ধরেছেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। কয়েক বছর ধরেই হাসান মাহমুদ নিয়ন্ত্রিত লাইন-লেন্থে দুর্দান্ত বোলিং করে আসছেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তার বোলিং অ্যাকশনকে কার্যকর ও ছন্দময় বলেও প্রশংসা করেন বিশপ।
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স ও তার পুরো কোচিং স্টাফের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন ইয়ান বিশপ। বাংলাদেশের এই জয়কে তিনি অসাধারণ এক অর্জন হিসেবে উল্লেখ করেন।
প্রতিবেদকের নাম 


























