বাংলাদেশের গ্রাম কিংবা শহরে গরু, ছাগল, ভেড়া ও মহিষের দেখা মেলে নিয়মিত। কিন্তু গাধা খুব একটা চোখে পড়ে না। অথচ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহন, কৃষিকাজ এবং দুর্গম এলাকায় যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে প্রাণীটি ব্যবহৃত হয়ে আসছে।
বাংলাদেশে গাধার উপস্থিতি এত কম হওয়ার পেছনে রয়েছে ব্যবহারিক প্রয়োজনের সীমাবদ্ধতা, মানুষের অভ্যস্ততার অভাব এবং প্রাণীটির পরিচর্যা ও চিকিৎসার নানা চ্যালেঞ্জ।
দেশে গাধার সংখ্যা কত
বাংলাদেশে মোট কতটি গাধা রয়েছে, তার নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই। ২০২৪ সালের ৮ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ডেইলি স্টার।
প্রতিবেদনটিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক (প্রশাসন) পল্লব কুমার দত্তের বরাতে বলা হয়, দেশে গাধার সংখ্যা নির্ধারণে অধিদপ্তর কোনো জরিপ করেনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের ‘লাইভস্টক ইকোনমি অ্যাট আ গ্লান্স’ প্রতিবেদনেও গরু, মহিষ, ছাগল ও ভেড়ার হিসাব রয়েছে। হাঁস-মুরগির সংখ্যাও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তবে গাধার কোনো পৃথক পরিসংখ্যান দেওয়া হয়নি।
জাতীয় চিড়িয়াখানায় বেড়েছে গাধার সংখ্যা
দেশে গাধার মোট সংখ্যা অজানা থাকলেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হিসাব পাওয়া যায়। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে জাতীয় চিড়িয়াখানায় গাধা ছিল ৯টি। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪টিতে। চিড়িয়াখানার তৎকালীন কিউরেটর মাজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছিলেন।
অর্থাৎ, চিড়িয়াখানায় গাধার সংখ্যা বাড়লেও সারা দেশে প্রাণীটির মোট সংখ্যা কত, তা এখনো জানা যায়নি।
পরিবহনে গাধার ব্যবহার কমে গেছে
গাধা সাধারণত ভার বহন ও পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। অতীতে বাংলাদেশের কিছু দুর্গম এলাকাতেও এ ধরনের প্রাণীর প্রয়োজন ছিল। তবে সময়ের সঙ্গে যোগাযোগ ও পরিবহনব্যবস্থায় পরিবর্তন এসেছে। সড়ক, মোটরচালিত যানবাহন এবং পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা বিস্তৃত হওয়ায় গাধার ওপর নির্ভরশীলতা গড়ে ওঠেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মঈজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, অতীতে পণ্য পরিবহনে গাধার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশে গাধার প্রকৃত সংখ্যা জানতে জরিপ করা প্রয়োজন বলেও মত দেন তিনি।
গাধা পালনে আগ্রহী নন স্থানীয়রা
বাংলাদেশে গাধার সংখ্যা কম থাকার অন্যতম কারণ প্রাণীটি পালনের প্রচলন না থাকা। ২০১২ সালে প্রকাশিত হেলেন কেলার ইন্টারন্যাশনালের (এইচকেআই) একটি প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে গাধা ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দুর্গম এলাকায় পণ্য পরিবহনের জন্য খাগড়াছড়ির কয়েকটি সম্প্রদায়ের মধ্যে গাধা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় মানুষের কাছে প্রাণীটি পরিচিত না হওয়ায় তাঁরা গাধা পালনে খুব একটা আগ্রহ দেখাননি।
প্রকল্পের আওতায় ২০টি গাধা দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দেওয়া হয় ছয়টি। গাধা সংগ্রহ করতেও প্রকল্প সংশ্লিষ্টদের সমস্যায় পড়তে হয়েছিল।
পরিচর্যা ও চিকিৎসার সীমাবদ্ধতা
গাধা পালন করতে শুধু খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করলেই হয় না। এর জন্য প্রয়োজন স্বাস্থ্যসেবা, রোগব্যাধি সম্পর্কে জ্ঞান এবং প্রশিক্ষিত পরিচর্যাকারী। এইচকেআইয়ের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, গাধার চিকিৎসা ও দক্ষ পরিচর্যার ব্যবস্থা না থাকাও বাংলাদেশে প্রাণীটি পালনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।
এ কারণে প্রকল্পের আওতায় স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি পশুচিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, স্থানীয় মানুষের কাছে গাধা পরিচিত না হওয়া এবং বিকল্প মোটরচালিত পরিবহনব্যবস্থা থাকায় সীমিত পরিসরে গাধা ব্যবহারের উদ্যোগটি প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি।
সব মিলিয়ে বাংলাদেশে গাধার সংখ্যা কম হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। পণ্য পরিবহনে প্রাণীটির ব্যবহার সীমিত, গাধা পালনের সামাজিক ও বাণিজ্যিক প্রচলন নেই এবং পরিচর্যা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় দক্ষতারও ঘাটতি রয়েছে। তবে দেশে গাধার প্রকৃত সংখ্যা জানতে জাতীয় পর্যায়ে জরিপ করা জরুরি।
প্রতিবেদকের নাম 

























