বগুড়ার কাহালুতে দ্রুতগতির বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাইকড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। আহত ব্যক্তির নাম আব্দুল মকিম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একই মোটরসাইকেলে করে তিনজন কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুই ইউপি সদস্যের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত আব্দুল মকিমকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিবেদকের নাম 


























