
অর্থনৈতিক খাতে অনিয়ম ও দুর্বল শাসনব্যবস্থা দূর করা না গেলে বিদেশি বিনিয়োগ প্রত্যাশিতভাবে আসবে না বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং বিষয়ক একটি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আগ্রহী হলেও আর্থিক খাতে দীর্ঘদিনের অনিয়ম, স্বচ্ছতার ঘাটতি এবং দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, অতীতে ব্যাংকিং ও আর্থিক খাতে অনিয়ম, মানি লন্ডারিং এবং ভুয়া অডিট রিপোর্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে গেছে। পাশাপাশি কিছু প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম ও জবাবদিহির অভাবের কারণে ব্যাংক ও আর্থিক খাত চাপের মুখে পড়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন মূলধন সংকটে ভুগছে এবং কিছু ক্ষেত্রে পরিচালনা পর্যায়ে অনিয়মের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, অর্থনীতিতে আস্থা ফেরাতে হলে আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা, সুশাসন ও কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তা না হলে বিনিয়োগ পরিবেশ কাঙ্ক্ষিতভাবে উন্নত হবে না।
সম্মেলনে তিনি আরও জোর দিয়ে বলেন, একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কারের দিকে এগোচ্ছে।
প্রতিবেদকের নাম 
























