সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম এ ব্যবস্থা নেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে বসে অসংলগ্ন কথা বলছেন। ভিডিওতে তিনি মদ্যপানের কথাও স্বীকার করেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা যায়। পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় এক অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষে মদ্যপান করে আসছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই এ বিষয়ে প্রতিবাদ করতে সাহস পান না।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন। ওই সময় তার মাথা ঠিক ছিল না এবং কী বলেছেন বা করেছেন তা তার মনে নেই। বিদ্যালয়ে ওই অবস্থায় যাওয়াকে তিনি নিজের ভুল বলে স্বীকার করেছেন।
ইউএনও সাবরিনা শারমিন জানান, শোকজের জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
প্রতিবেদকের নাম 




















