
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এ তথ্য জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলা মূলত আনন্দের বিষয়। তাই এটিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকলেও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার সুযোগ দেওয়া উচিত নয়।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে প্রতিযোগিতামূলক আবহ দীর্ঘদিন ধরেই রয়েছে। বর্তমানে ব্রাজিল সমর্থকেরা দলের বিদায়ের কারণে হতাশ থাকলেও আর্জেন্টিনা সমর্থকেরা এখনও শিরোপার স্বপ্ন দেখছেন।
আমিনুল হক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বকাপকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা যেন শুধুই আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভবিষ্যতে এ ধরনের উন্মাদনাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা, সহিংসতা বা প্রাণহানির ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 























