
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা নতুন মৌসুমে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কলোতে যোগ দিতে যাচ্ছেন। ইউরোপের ক্লাব চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবে পাড়ি দিচ্ছেন।
ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম এ তথ্য জানান। পরে কোলো কোলোর সভাপতি অনিবাল মোসাও নিশ্চিত করেন, ভোজিনহার সঙ্গে চুক্তির বিষয়ে দুই পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে।
উত্তর আমেরিকা বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সব সেভ করে নজর কাড়েন ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক। তার পারফরম্যান্সের পর ইন্টার মিয়ামিসহ বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোলো কলোকেই বেছে নিয়েছেন তিনি।
কোলো কলো কর্তৃপক্ষ ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে ভালো ফলের লক্ষ্য সামনে রেখে ভোজিনহাকে দলে নিচ্ছে। চিলিয়ান ক্লাবটিতে তিনি আর্জেন্টাইন কোচ ফার্নান্দো এল তানো ওরতিজের অধীনে খেলবেন। সতীর্থ হিসেবে থাকবেন চিলির অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ আরও কয়েকজন পরিচিত ফুটবলার।
এখন শুধু ক্লাবটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এরপরই দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে নতুন অধ্যায় শুরু করবেন বিশ্বকাপে আলো ছড়ানো এই গোলরক্ষক।
প্রতিবেদকের নাম 

























