টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা বৃষ্টি থেমে যাওয়ার পরও কাটেনি। ফলে সড়কে জমে থাকা পানির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
শনিবার ভোর থেকে রোববার দুপুর পর্যন্ত টানা বর্ষণে রাজধানীর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। জলাবদ্ধতা, তীব্র যানজট এবং গণপরিবহনে অতিরিক্ত ভিড়ের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
যদিও রোববার সন্ধ্যার পর বৃষ্টি থেমে যায়, তবু মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় চালক ও যাত্রীদের। সোমবার (১৩ জুলাই) ভোররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ইসিবি চত্বর থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পানি জমে রয়েছে। পাশাপাশি মতিঝিল, কাকরাইল, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বৃষ্টি থেমে যাওয়ার অনেকক্ষণ পরও পানি না নামায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। তাদের দাবি, অপরিকল্পিতভাবে সড়ক খোঁড়াখুঁড়ি এবং জলনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণেই রাজধানীতে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এর আগে, রোববার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং নগরবাসীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
প্রতিবেদকের নাম 




















