কিশোরগঞ্জের মহিনন্দ বাজারে ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে রাজিব মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত রাজিব মিয়া পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি গ্যাসের ব্যবসা করতেন।
স্থানীয়দের অভিযোগ, রাজিব বিশেষ একটি যন্ত্রের সাহায্যে ১২ কেজি গ্যাসভর্তি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে দিতেন। এরপর সেগুলোও ১২ কেজি গ্যাসের নির্ধারিত দামে বিক্রি করতেন। এতে তিনি অতিরিক্ত সিলিন্ডার বিক্রির মাধ্যমে বাড়তি লাভ করলেও প্রতারিত হতেন ক্রেতারা।
মঙ্গলবার একইভাবে গ্যাস স্থানান্তরের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, জিজ্ঞাসাবাদে রাজিব মিয়া দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস সরিয়ে বিক্রির কথা স্বীকার করেছেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। সাজা শেষে তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 

























