
ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই ভেনেজুয়েলার লাখো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে সতর্কবার্তা পাঠিয়ে আলোচনায় এসেছে গুগলের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, কয়েক সেকেন্ডের এই আগাম বার্তাই জরুরি পরিস্থিতিতে বহু মানুষের জীবন রক্ষা করতে পারে।
সম্প্রতি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আগে দেশটির লাখো মানুষ তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সতর্কবার্তা পান। এতে নতুন করে প্রশ্ন উঠেছে—প্রযুক্তি কি প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে সক্ষম?
বিশেষজ্ঞরা বলছেন, গুগল ভূমিকম্পের পূর্বাভাস দেয় না; বরং অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাক্সেলেরোমিটার সেন্সরের মাধ্যমে প্রাথমিক ভূকম্পন তরঙ্গ বা ‘পি-ওয়েভ’ শনাক্ত করে। এই তথ্য বিশ্লেষণ করে অধিক ক্ষতিকর ‘এস-ওয়েভ’ আঘাত হানার আগেই আশপাশের ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞ নিখার অরোরা বলেন, কোটি কোটি অ্যান্ড্রয়েড ফোন একটি বিশাল সেন্সর নেটওয়ার্ক হিসেবে কাজ করে। একই ধরনের কম্পন একাধিক ডিভাইসে শনাক্ত হলে গুগলের অ্যালগরিদম ভূমিকম্পের অবস্থান ও মাত্রা নির্ণয় করে দ্রুত সতর্কবার্তা পাঠায়।
বিশেষজ্ঞদের মতে, কয়েক সেকেন্ড সময় পেলেও মানুষ ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়া, গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করা কিংবা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্লেষক হৃষিত পানথ্রি বলেন, প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে দুর্যোগ শনাক্ত ও সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া গেলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি মনে করেন, ভূমিকম্প ছাড়াও বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের মতো দুর্যোগ মোকাবিলায় এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞদের অভিমত, দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে সরকারি সংস্থা, বিজ্ঞানী ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কারণ ভূমিকম্প ঠেকানো সম্ভব না হলেও সময়মতো সতর্কতা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 























