আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীন চলচ্চিত্র উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এই আন্তর্জাতিক অর্জনের অংশ হিসেবে সিনেমাটির পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে ভেনিস উৎসবে যোগ দিতে ইতালির উদ্দেশে ঢাকা ছাড়বেন সুনেরাহ।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা রুবাইয়াত হোসেন। চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে।
উৎসবের মূল আয়োজনে অংশ নিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে রওনা হবেন সুনেরাহ। সেখানে সিনেমাটির প্রদর্শনসহ উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তিনি।
নিজের প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে চলচ্চিত্রাঙ্গনে নজর কাড়েন সুনেরাহ বিনতে কামাল। পরবর্তী সময়ে অভিনয়দক্ষতার মাধ্যমে দেশের চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বের অন্যতম শীর্ষ চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে তার অভিনীত সিনেমার প্রদর্শন ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। তার মতে, বিশ্ব চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের সঙ্গে একই প্ল্যাটফর্মে থাকার সুযোগ তার অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা ও সমৃদ্ধি এনে দেবে।
আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণ ভবিষ্যৎ ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেও প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।
প্রতিবেদকের নাম 




















