হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্সটিন পাচ্ছেন চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। দীর্ঘ প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ আসন্ন ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে সম্মানসূচক ‘গোল্ডেন লায়ন’ (আজীবন সম্মাননা) প্রদান করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
অস্কারজয়ী ‘দ্য এক্সরসিস্ট’ তারকা এলেন বার্সটিনের ঝুলিতে এরই মধ্যে রয়েছে অস্কার, টনি অ্যাওয়ার্ড, এমি এবং গোল্ডেন গ্লোব-এর মতো সম্মানজনক পুরস্কার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ভেনিস উৎসবের আজীবন সম্মাননা।
উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবার্তো বারবেরা বলেন, “বার্সটিন একজন অসাধারণ তীব্রতা ও সত্যনিষ্ঠ অভিনয়ের শিল্পী। তিনি এমন সব স্মরণীয় নারী চরিত্রকে পর্দায় জীবন্ত করেছেন, যার মাধ্যমে সমকালীন নারীর সংগ্রাম, দ্বন্দ্ব ও আত্মরূপান্তরের গভীরতা ফুটে উঠেছে।”
এই সম্মাননার খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এলেন বার্সটিন বলেন, “অবিশ্বাস্য! পৃথিবীর সবচেয়ে প্রিয় শহরগুলোর একটিতে আবার যাওয়ার সুযোগ পাচ্ছি, আর ফিরব বুকে জড়িয়ে একটি গোল্ডেন লায়ন নিয়ে। ভেনিস চলচ্চিত্র উৎসবের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।”
জানা গেছে, ম্যাগি জিলেনহাল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্লেশ ইম্প্যাক্ট’-এর প্রদর্শনীর সময় বার্সটিনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। মেরিলিন মনরোর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই ছবিতে তার অভিনয়কে ‘ব্যতিক্রমী প্রতিভার আরেকটি উজ্জ্বল উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে উৎসব কর্তৃপক্ষ।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ডাকোটা জনসন, পিটার সার্সগার্ড এবং সেপিদেহ মোয়াফি।
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রতিবেদকের নাম 





















