বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আগামীকাল রোববার (৭ জুন) ভোরে পৃথক প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে। বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাইয়ে দুই দলের ম্যাচের ব্যবধান থাকবে মাত্র দুই ঘণ্টা।
বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ওহিওতে আফ্রিকার শক্তিশালী দল মিশরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এটি তাদের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর ঠিক দুই ঘণ্টা পর, বাংলাদেশ সময় সকাল ৬টায় টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির দল এই ম্যাচের পর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
ব্রাজিলের ‘হেক্সা’ মিশন শুরু হবে ১৪ জুন, নিউ জার্সির রাদারফোর্ড স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে সেলেসাওদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ম্যাচ দুটি যথাক্রমে ২০ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন।
দুই দলের ঘোষিত স্কোয়াডে রয়েছে তারকায় ভরপুর লাইনআপ। ব্রাজিল দলে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসন। রক্ষণে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহাস, মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং আক্রমণে নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা ও তরুণ এন্ড্রিক।
আর্জেন্টিনার স্কোয়াডে গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ থাকছেন।
বিশ্বকাপের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন প্রস্তুতি ম্যাচ ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
প্রতিবেদকের নাম 
























