মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ বাজার পরিস্থিতি অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই চলতি সপ্তাহজুড়ে তেলের বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
সংঘাত শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে পরিবাহিত হতো। তবে সাম্প্রতিক সামরিক হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি দীর্ঘ সময় ব্যাহত হলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদকের নাম 










