মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গত দুই মাসে পুলিশের ২৭ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, আগে পুলিশকে নিজেদের ভেতরের অনিয়ম দূর করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আগে ঘর পরিষ্কার হোক, তারপরে আপনারা পরিষ্কার হবেন।’ মাদকসংক্রান্ত অপরাধের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের কথাও জানান পুলিশপ্রধান। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটির কার্যক্রম থাকবে।
স্থানীয়ভাবে কারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, সে বিষয়ে এলাকাবাসীর কাছে তথ্য থাকতে পারে উল্লেখ করে আইজিপি বলেন, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 






















