১১ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা–২০২৬-এর হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।
রোববার (১১ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
পুরস্কার হিসেবে পেলেন ৪০ হাজার রিঙ্গিত
৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের কয়েক ধাপে বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী অংশ নেন।
চূড়ান্ত পর্বে হিফজুল কোরআন বিভাগে সেরা হয়ে বাংলাদেশের জন্য এ সম্মান বয়ে আনেন হাফেজ হীরা।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।
আন্তর্জাতিক অঙ্গনে আগেও সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি
এর আগেও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থীরা বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তাঁদের মধ্যে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুর উল্লেখযোগ্য।
হাফেজ হীরার এ অর্জন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করল।
প্রতিবেদকের নাম 




















