দেশের রপ্তানিমুখী শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করতে আগামী অর্থবছরের বাজেটে বন্ড সুবিধা সম্প্রসারণ ও শর্ত শিথিলের একাধিক প্রস্তাব আসতে পারে।
প্রস্তাব অনুযায়ী, শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য কাস্টমস বন্ড সুবিধা আরও সহজ করার পাশাপাশি অডিট সংক্রান্ত বাধ্যবাধকতা শিথিল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এতে বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রতি বছর বাধ্যতামূলক বন্ড অডিট করার নিয়ম প্রত্যাহার করার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রশাসনিক জটিলতা কমবে এবং ব্যবসায়ীদের সময় সাশ্রয় হবে।
এছাড়া লেদার গুডস, ফুটওয়্যার, টাওয়েল, লিনেন ও হোম টেক্সটাইলসহ অন্যান্য রপ্তানিমুখী খাতেও কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব খাতে জেনারেল বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাবও থাকতে পারে।
বন্ডেড ওয়্যারহাউসে এককালীন কাঁচামাল মজুদের সীমা তুলে দেওয়ার পাশাপাশি পণ্য জাহাজীকরণের আগে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নেওয়ার সময়সীমা ৪৮ ঘণ্টা থেকে কমিয়ে ২৪ ঘণ্টা করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
ব্যবসায়ী নেতারা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
প্রতিবেদকের নাম 























