রাজশাহীতে মদপানজনিত কারণে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অলি কয়েকজন বন্ধুর সঙ্গে মহানগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় অবস্থান করতেন। কয়েকদিন আগে শখের বশে বন্ধুদের সঙ্গে মদপান করেন তিনি। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে পরিবারকে জানার ভয়ে তিনি হাসপাতালে ভর্তি হননি বলে জানা গেছে।
পরবর্তীতে বুধবার (৩০ এপ্রিল) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহলজনিত বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে।
বোয়ালিয়া থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে ধরা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত না চাইলে মরদেহ হস্তান্তর করা হয়।
প্রতিবেদকের নাম 




















