জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহার আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে আগামী ১৩ দিন প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ মে থেকে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত বিভিন্ন দিনে রাজশাহীর একাধিক ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
এর মধ্যে দেওয়ানপাড়া, রাবি স্টেশন, সুগারমিল, কাটাখালি, মেহেরচন্ডি, বনগ্রাম, কাপাশিয়া ও পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন অংশে নির্দিষ্ট দিনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো জানিয়েছে, উন্নয়ন কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে সংস্থাটি।
বিদ্যুৎ বিভ্রাটের এই সময়সূচি অনুযায়ী, বিভিন্ন এলাকায় আলাদা আলাদা দিনে নির্ধারিত সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























