রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, ৪০০টিরও বেশি ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় তিনজন চীনা নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজধানীকে লক্ষ্য করে এটিকে অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে মস্কো।
সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেন রাতভর ৪০০টির বেশি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে মস্কোর দিকে আসা অন্তত ৮৫টি ড্রোন রাজধানীর আকাশসীমায় পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হলেও পোডোলস্ক, ডমোদেডোভো ও ওডিনত্সোভো জেলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুনের ঘটনাও ঘটেছে।
অন্যদিকে ইউক্রেনীয় পর্যবেক্ষক সূত্রের দাবি, হামলায় ওয়াইল্ডবেরিজের বিশাল লজিস্টিক সেন্টার, ইউঝনি ভোরেতা লজিস্টিক পার্ক এবং লভোভস্কি এলাকার একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ডমোদেডোভোর প্রশাসন ইউঝনি ভোরেতা এলাকায় হামলা ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া, ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণসাগর অঞ্চলের আকাশে মোট ৩৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, একই রাতে রাশিয়া তাদের লক্ষ্য করে দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও ৯৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ৮১টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের দাবি ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদকের নাম 
























