জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় বন্দনা রানি দাস (নাম) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমার দাসকে আটক করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সেলাই মেশিন নেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রাজকুমার দাস তার স্ত্রীকে মারধর করেন। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বন্দনা রানির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে মরদেহ নিচে নামিয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর নিহতের স্বামী রাজকুমার দাসকে আটক করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে বন্দনা রানির ওপর নির্যাতন চালানো হতো এবং তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় মরদেহ ইতোমধ্যে নিচে নামানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 




















