
দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে সংবিধান অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) অপরাহ্ণে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 


















