রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রয়াত দুই অধ্যাপক শামসুন নাহার মোল্লা ও অধ্যাপক এবিএম শাহজাহানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন গ্যালারিতে ইসলামের ইতিহাস সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম. মুনজুরুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এম. আজিজুল হক, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক ড. দীলশাদ আরা বুলু, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, অধ্যাপক ড. মু. খলিলুর রহমান, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. শাহনাজ সুলতানা সোনিয়া, অধ্যাপক ড. যাহার-ই তাশনীম, অধ্যাপক ড. মো. আরিফুর রহমান এবং বিভাগের শিক্ষার্থী রণি বাবু।
বক্তারা বলেন, অধ্যাপক শামসুন নাহার মোল্লা কর্মজীবনের পুরো সময় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি দায়িত্ব পালনে কঠোর হলেও শিক্ষার্থীদের প্রতি ছিলেন স্নেহশীল ও মাতৃসুলভ।
অন্যদিকে, অধ্যাপক এবিএম শাহজাহান ছিলেন প্রখর মেধাবী, জ্ঞানচর্চায় নিবেদিত এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি সহযোগিতাপরায়ণ একজন শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ খালিদ সাইফুল্লাহ। আলোচনা শেষে প্রয়াত দুই অধ্যাপকসহ সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
প্রতিবেদকের নাম 



















