আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। তবে এ কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ সদর দপ্তরে আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জোটের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, লংমার্চের সময়সূচি, স্থান ও রুট সম্পর্কে পুলিশকে অবহিত করতেই তারা সেখানে গিয়েছিলেন।
গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য অনুমতির প্রয়োজন নেই। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পুলিশও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি জানান, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। ১১-দলীয় জোটের এই কর্মসূচি চারটি ভিন্ন রুটে পরিচালিত হবে। যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভাসহ কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন জনদুর্ভোগের সমাধান তাদের দাবির মধ্যে রয়েছে।
বৈঠকে জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















